এইমাত্র পাওয়া

মেয়েকে স্কুলে ভর্তি করাতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার মা

নিজস্ব প্রতিবেদক, নাটোরঃ জেলার গুরুদাসপুরে কন্যা শিশু সন্তানকে স্কুলে ভর্তি করাতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার হয়েছেন এক মা। এ ঘটনায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়-২ এর পিয়ন রুবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ঐ ভুক্তভোগী মা। এরপর থেকে রুবেল পলাতক রয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন।

ভুক্তভোগীর বরাত দিয়ে এলাকাবাসী জানান, রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে ছয় বছর বয়সি শিশু কন্যাকে স্কুলে ভর্তি করাতে গিয়ে ভর্তি সম্পন্ন হলে মেয়েকে পানি খাওয়ানোর রুমে নিয়ে যান। এরপর অফিস রুমে ওই শিশু শিক্ষার্থীকে ডেকে বই দেয়া হয়। পরে রুমে কেউ না থাকার সুযোগে ২৫ বছর বয়সি ভুক্তভোগীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় স্কুলের পিয়ন রুবেল। ভুক্তভোগী ওইদিন রাত ১০টার দিকেই গুরুদাসপুর থানায় বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার বলেন, এ ব্যাপারে আমার কাছে কেউ অভিযোগ দেয়নি। তবে পিয়ন রুবেল তার দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছে।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মতিন বলেন, মেয়েকে স্কুলে ভর্তি করাতে গিয়ে ধর্ষণ চেষ্টার শিকার ভুক্তভোগী স্কুলের পিয়ন রুবেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ধর্ষণ চেষ্টাকারী রুবেল পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান ওসি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০২/২৩     


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.