এইমাত্র পাওয়া

কলেজ ছাত্রীর গায়ে গরম চা ঢেলে ঝলসে দিলেন মামী

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুরঃ জেলায় কলেজ ছাত্রী মাইশা আলম প্রীতির মুখসহ শরীরের বিভিন্ন অংশে গরম চা ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রীতির মায়ের সঙ্গে কথা কাটাকাটি নিয়ে তার মামী রাশেদা বেগম লিপি এ ঘটনা ঘটায়। আহত অবস্থায় প্রীতিকে সদর হাসপাতালের বার্ন ইউনিটে পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকরা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের লামচরী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত লিপিকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রীতি একই এলাকার আবুধাবি প্রবাসী খোরশেদ আলমের মেয়ে ও লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী। অভিযুক্ত লিপি আবুধাবি প্রবাসী রাকিবুল হাসানের স্ত্রী।

স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় প্রীতির টনসিলের অপারেশন হওয়ার কথা ছিল। এতে ঘটনার সময় গোসল করার জন্য পানি গরম করতে যায় তার মা রোমানা। তখন গ্যাসের চুলা জ্বালাতে গেলে লিপি বাধা দেয়। এতে কথা কাটাকাটির একপর্যায়ে লিপির হাতে থাকা ফুটন্ত গরম চা প্রীতির মুখ ও ঘাড়ে ঢেলে দেয়। এতে তার মুখ ও ঘাড় ঝলসে যায়।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, কলেজছাত্রীর মুখ ও ঘাড়ে গরম পানিতে ঝলসে গেছে। এতে শরীরের ৫ শতাংশ ক্ষতি হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০২/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.