পাসপোর্টের জন্য বিভিন্ন কর্মকর্তার কাছে ঘুরছেন গত ৪ মাস ধরে। তারপরও পাসপোর্ট পাচ্ছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। শেষমেশ তিনি বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন।
ভিপি নুরের আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ বলেন, ‘পাসপোর্টটি জরুরী বিষয়। জরুরী ভিত্তিতে শুনানির জন্যই আমরা আদালতের শরণাপন্ন হয়েছিলাম। কিন্তু আদালত তা করলেন না। এতে আমার আশঙ্কা, সরকার হয়তো ভিপি নুরকে পাসপোর্ট দিতে চাচ্ছে না।’
ভিপি নুর জানান, গত জুলাইয়ে নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটিতে একটি সেমিনারে যোগ দেয়ার আমন্ত্রণ ছিল তার। জরুরি ভিত্তিতে পাসপোর্ট পেতে ব্যাংকে নির্ধারিত ফিসহ এপ্রিলে আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন তিনি।
নুর ধারণা করেছিলেন সাতদিন পরই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। কিন্তু এক মাসেও তা না পেয়ে তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বললে তারা কোনো সদুত্তর দিতে পারেননি।
পাসপোর্ট অধিদপ্তরের ডিজি জানান, তার বিরুদ্ধে মামলা থাকায় পাসপোর্ট দেয়া সম্ভব হচ্ছে না। মামলা রয়েছে এমন অনেক রাজনৈতিক নেতারা তাহলে কীভাবে পাসপোর্ট পান নুর তা জানতে চাইলে ডিজি বিষয়টি এড়িয়ে যান।
ফলে গত আগস্টের শুরুর দিকে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।
ভিপি নুর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি এ দেশের নাগরিক। পাসপোর্ট পাওয়া আমার অধিকার। আমি ডাকসুর নির্বাচিত ভিপি, অথচ আমাকে পাসপোর্ট দেয়া হচ্ছে না। আমি কিছুদিন ধরে অসুস্থ। ভারতে গিয়ে চিকিৎসা করানোর চিন্তা করছি। কিন্তু পাসপোর্টের অভাবে সেটাও সম্ভব হচ্ছে না।’
নুর আরো বলেন, ‘আমি মনে করি, এমনটা হওয়ার কারণ সরকারের স্বৈরতান্ত্রিক মনোভাব। সরকারের উচ্চপর্যায়ের কনসার্নে আমার পাসপোর্ট দেয়া হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
