এইমাত্র পাওয়া

মক্তবে পড়তে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী, কারাগারে ওস্তাদ

শিক্ষাবার্তা ডেস্কঃ হবিগঞ্জে মক্তবে পড়তে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রী। ধর্ষণের অভিযোগে করা এক মামলায় ১ ফেব্রুয়ারি ওই মক্তবের ওস্তাদ আহাদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহাদ মিয়া (৫০) হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের মৃত নীলু মিয়ার ছেলে। আহাদ মিয়া ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকালে যোগাযোগ করা হলে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ইয়াকুব আলী এ তথ্য জানান।

আহাদ মিয়ার জবানবন্দির বরাত দিয়ে তিনি বলেন, আহাদ উত্তর বামকান্দি জামে মসজিদের মক্তবের ওস্তাদ। গত বুধবার ভোরে উত্তর মকান্দি গ্রামের বাসিন্দা ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সেখানে আরবি পড়তে যায়। এ সময় ওস্তাদ তাকে ধর্ষণ করেন। অন্য শিক্ষার্থীরা ঘটনাটি দেখে চিৎকার করতে থাকে। পরে স্থানীয় লোকজন গিয়ে আহাদ মিয়াকে আটক করে সদর মডেল থানায় খবর দেন।

এ ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। পরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/০২/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.