শিক্ষাবার্তা ডেস্কঃ দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ আয়োজন করা হতে পারে। তবে ১০ মার্চ সম্ভব না হলে এই পরীক্ষা এপ্রিল মাসের শেষ সপ্তাহে আয়োজন করা হবে। যদিও প্রথমে ১৭ মার্চ এই পরীক্ষা আয়োজনের প্রস্তাব দিয়েছিল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
রবিবার (২৯ জানুয়ারি) সকালে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার এই তারিখ নিয়ে আলোচনা হয়েছে।
সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ ঢাকার বেশ কয়েকটি মেডিকেল কলেজের অধ্যক্ষ উপস্থিত ছিলেন।
সভা সূত্রে জানা গেছে, আগামী মার্চ মাসে রোজা শুরুর আগের সপ্তাহে ভর্তি আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের কারণে ১৭ মার্চ ভর্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব নয় বলে সভায় জানিয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
ওই সূত্র আরও জানায়, এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পর মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য কমপক্ষে একমাস বিরতি দেওয়া হবে। সে হিসেব করে আগামী ১০ মার্চ ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। ১০ মার্চ সম্ভব না হলে রোজার ঈদের পর এই পরীক্ষা আয়োজন করা হবে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক টিটো মিয়া বলেন, আমরা মার্চে মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজনের চেষ্টা করছি।আগামীকাল স্বাস্থ্যমন্ত্রীর সাথে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আমরা ১০ মার্চ ভর্তি পরীক্ষা আয়োজনের চেষ্টা করছি। ১০ মার্চ সম্ভব না হলে এপ্রিলের শেষ দিকে ভর্তি পরীক্ষা আয়োজন করা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৯/২৩
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
