এইমাত্র পাওয়া

‘মেন্টাল হেলথ’ প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা

শিক্ষাবার্তা ডেস্কঃ শিক্ষকদের ‘মেন্টাল হেলথ’ বিষয়ে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। অধিভুক্ত কলেজের সব শিক্ষকদের দেওয়া হবে এই প্রশিক্ষণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান এ কথা জানান।

গতকাল (২২ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি। অনুষ্ঠানটি ছিল ‘মেন্টাল হেলথ’ বিষয়ে শিক্ষক প্রশিক্ষণের প্রথম ব্যাচের সমাপনী এবং দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান।

উপাচার্য বলেন, মানসিক স্বাস্থ্যের উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকার-বেসরকারি কলেজের সব বিষয়ের শিক্ষককে ‘মেন্টাল হেলথ’ বিষয়ক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে। এই প্রশিক্ষণ অব্যাহত থাকবে।

উন্নত সমাজ বিনির্মাণে মানসিক স্বাস্থ্যের উন্নয়নে প্রশিক্ষণ জরুরি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য-এই দুয়ের বিকাশের জন্য প্রশিক্ষণ জরুরি। শুধু এমনটি নয় যে, যাদের মধ্যে মানসিক সমস্যা আছে, অথবা খানিকটা বিষণ্ণতায় আছেন তারা আমাদের টার্গেট। তা মোটেই নয়, বরং মানসিক সুস্থতায় ভরপুর একটি পৃথিবী এখন সবার কাম্য।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরও বলেন, কোভিডের যে অভিঘাত আমরা সয়েছি। এরপর আমাদের প্রত্যেকের নিজেদের জায়গা থেকে মনে হয়েছিল- এত মৃত্যুর মিছিল দেখার পর পৃথিবীর মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। কিন্তু বাস্তবে দেখলাম পৃথিবী বড় সংকট কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লিপ্ত হয়েছে। আমার তো মনে হয় মানসিক অসুস্থতা এবং বিষণ্ণতার এটিই সবচেয়ে বড় উদাহরণ।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন ও শ্রেণিকক্ষে পাঠদানের লক্ষ্যে শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

এর আগে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন ও শ্রেণিকক্ষে পাঠদানের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের উদ্যোগ নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

গত বছরের ১৭ ডিসেম্বর মেন্টাল হেলথ বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপাচার্য ড. মশিউর রহমান। ভার্চুয়ালি হয় প্রথম ব্যাচের প্রশিক্ষণ। ১১ দিন চলা এই প্রশিক্ষণ ২৮ ডিসেম্বর শেষ হয়।

এখন ২৩ জানুয়ারি থেকে মেন্টাল হেলথ বিষয়ে দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। এটি চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় ব্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/২৩/২৩    


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.