এইমাত্র পাওয়া

ভারতের সঙ্গে বৈরি সম্পর্ক রেখে উন্নয়ন সম্ভব নয়: কাদের

শিক্ষাবার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারতের সঙ্গে বৈরি সম্পর্ক বজায় রেখে উন্নয়ন সম্ভব নয়।

মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ সফররত ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার মতো ভারতের বিশ্বস্ত বন্ধু নেই। এটা আপনাদের মনে রাখতে হবে। ভারতের সরকারের সঙ্গে আমাদের বন্ধুত্ব। নরেন্দ্র মোদির সরকারের সঙ্গেও আমাদের বন্ধুত্ব আছে। বন্ধুত্বের বিকাশও হচ্ছে।’

আওয়ামী লীগের জন্য আগামী নির্বাচন কতোটা কঠিন হবে? ভারতীয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ১৫ বছর ধরে ক্ষমতায় আছি। তৃতীয় মেয়াদ অতিক্রম করে আমরা চতুর্থ মেয়াদের নির্বাচনে যাব। গতবারের চেয়ে একটু কঠিন হবে। একটি জিনিস হল যে আমরা যদি জীবনযাত্রার ব্যয় পরিচালনা করতে ব্যর্থ হই তবে এটি কঠিন হয়ে যাবে।’

মতবিনিময় সভায় ১১ জন সফররত ভারতীয় সাংবাদিক উপস্থিত ছিলেন। ৬ জানুয়ারি থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমন্ত্রণে কলকাতা থেকে ২৫ জন এবং গুয়াহাটির ৯ জন সাংবাদিক বাংলাদেশ সফর করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১১/২৩  


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.