নিজস্ব প্রতিবেদক।।
কুড়িগ্রামের তিন উপজেলায় ২৬৫টি বিদ্যালয় ছুটি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের ছেলের বৌভাতে অংশ নিয়েছেন শিক্ষকরা। একইসঙ্গে তারা জনপ্রতি ৫০০ টাকা করে বাধ্যতামূলক চাঁদা তুলে সোনার আংটি, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিন উপহার দেন এবং প্রতিমন্ত্রী তা গ্রহণও করেন। এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ উদ্বেগ জানায় সংস্থাটি। এ ঘটনাকে প্রতিমন্ত্রীর ‘নির্দেশনামূলক নিমন্ত্রণ’ বলে উল্লেখ করেছে তারা।
সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের যোগসাজসে বিদ্যালয় বন্ধ রেখে সোৎসাহে বা বাধ্য হয়ে বৌভাতে অংশগ্রহণের এ ঘটনাকে দেশের শিক্ষাখাতকে দলীয়করণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ধ্বংস করার ভয়াবহ দৃষ্টান্ত বলছে টিআইবি। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে তারা।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, গত রোববার কুড়িগ্রামের চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর উপজেলার সব বিদ্যালয় ছুটি দিয়ে শিক্ষকরা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ছেলের বৌভাতে অংশ নেন। বিষয়টিকে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের পেশাদারিত্ব ও শিক্ষার্থীদের প্রতি নৈতিক দায়বদ্ধতার অরুচিকর লঙ্ঘন বলে উল্লেখ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকবৃন্দের কেউ এর দায় এড়াতে পারেন না।
টিআইবি মনে করে, প্রধান শিক্ষকরা নিজেদের সংরক্ষিত তিনদিনের ছুটির সুযোগ নিয়ে ব্যক্তিগত আমন্ত্রণের বিষয়টিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। কিন্তু বিশেষ পরিস্থিতির জন্য সংরক্ষিত এ ছুটি এ ধরনের অনুষ্ঠানের জন্য ব্যবহারের সুযোগ আছে কিনা সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখার প্রয়োজন রয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এতগুলো বিদ্যালয় বন্ধ করে দিয়ে কারো ব্যক্তিগত অনুষ্ঠানে অংশগ্রহণ ও বাধ্যতামূলক চাঁদা সংগ্রহ করে উপহার দেয়ার এ ঘটনা জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সক্রিয় যোগসাজস না থাকলে কোনো অবস্থাতেই ঘটতে পারতো না, তাও খুব সহজেই বোধগম্য। প্রতিমন্ত্রী ও তার পরিবার এ উপহার গ্রহণ করে যে ন্যাক্কারজনক মানসিকতার পরিচয় দিলেন, তার ব্যাখা কী? আর এই পুরো ঘটনার জন্য জবাবদিহিতা নিশ্চিত করা না হলে দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যতই বা কী?
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
