অনলাইন ডেস্ক।।
দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ফ্লোর প্রাইস (শেয়ার দর কমার সর্বনিম্নসীমা) প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার (২১ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। কাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) থেকেই এ আদেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা দেয়ার আগ পর্যন্ত অব্যাহত থাকবে।
বিএসইসির আদেশে বলা হয়েছে, চলতি বছরের ২৮ জুলাই জারি করা ফ্লোর প্রাইস আরোপ সংক্রান্ত নির্দেশনা ১৬৯ কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এ কোম্পানিগুলোর শেয়ার দর কমার ক্ষেত্রে ১ শতাংশ সার্কিট ব্রেকার আরোপ করা হয়েছে। এতে একদিনে সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত কমতে পারবে এসব শেয়ারের দর। অন্যদিকে এ কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার উর্ধসীমা ২০১৯ সালের ১৪ নভেম্বর জারি করা নির্দেশনা অনুসারে কার্যকর হবে। এ নির্দেশনা অনুসারে শেয়ার দর ২০০ টাকা পর্যন্ত ১০ শতাংশ হারে সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে। শেয়ার দর ২০০ টাকার উপর হলে এবং ৫০০ টাকা পর্যন্ত ৮ দশমিক ৭৫ শতাংশ সার্কিট ব্রেকার থাকবে। ৫০০ টাকার বেশি এবং ১ হাজার টাকা পর্যন্ত শেয়ার দর থাকলে সেক্ষেত্রে সার্কিট ব্রেকার হবে ৭ দশমিক ৫ শতাংশ। শেয়ার দর ১ হাজার টাকার বেশি এবং ২ হাজার টাকা পর্যন্ত ৬ দশমিক ২৫ শতাংশ হারে সার্কিট ব্রেকার আরোপ করা হবে। শেয়ার দর ২ হাজার টাকার উপরে থাকলে এবং ৫ হাজার টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার হবে ৫ শতাংশ। আর শেয়ার দর ৫ হাজার টাকার বেশি হলে ৩ দশমিক ৭৫ শতাংশ হারে সার্কিট ব্রেকার আরোপ করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
