এইমাত্র পাওয়া

নিবন্ধন পাওয়া নতুন দলের নাম প্রকাশ এপ্রিলে

  • নিজস্ব প্রতিবেদক।।

    আগামী বছরের এপ্রিল বা মে মাসে নির্বাচন কমিশনে (ইসি) নতুন দল হিসেবে নিবন্ধন পাওয়া দলগুলোর নাম জানা যাবে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করা দলগুলো শর্ত মেনেছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। নিবন্ধন বিধিমালা অনুযায়ী, আবেদনে অন্তত ৯ ধরনের তথ্য পূরণ করতে হবে। সঙ্গে ১০ ধরনের দলিলপত্র দিতে হবে। তবেই দলের নিবন্ধন দেবে বলে ইসি সংশ্লিষ্টরা জানান।

    ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন নিবন্ধন চাওয়া কোনো কোনো দল চালানের টাকা জমা দেয়নি, কোনোটির কেন্দ্রীয় কমিটির নাম-পদবি দিয়ে পূর্ণাঙ্গ তালিকায় সঙ্গতি নেই, কোনো দলের গঠনতন্ত্র নেই, কোনো দলের নিবন্ধনের ন্যূনতম শর্ত পূরণের দালিলিক প্রমাণ নেই কিংবা ঘাটতি রয়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্রেরও। আবার প্রাথমিকভাবে যেসব দলের তথ্য আবেদনে রয়েছে তা সঠিক কি না তা বাছাইয়ের কাজ চলছে।

    কমিটির আহ্বায়ক ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, ৯৩টি আবেদন পর্যালোচনা শুরু হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে কমিশনের বিবেচনার জন্য উপস্থাপনের চেষ্টা চলছে। আমরা নির্ধারিত চেক লিস্টের মাধ্যমে তথ্য-উপাত্ত দলিলাদির বিষয় তুলে ধরবো। কমিশন সিদ্ধান্ত দিলে পরবর্তী পদক্ষেপে যাবো।

    কমিটির সংশ্লিষ্টরা জানান, তিন-চার ধাপে বাছাইয়ের কাজ চলছে। দায়িত্বশীল কর্মকর্তারা প্রাথমিকভাবে আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র যথাযথ রয়েছে কি না গুছিয়ে নিচ্ছেন। ইসির সিদ্ধান্ত অনুযায়ী যেসব দলের আবেদন অযোগ্য হবে তাও জানিয়ে দেয়া হতে পারে। সেই সঙ্গে বিধি অনুযায়ী সঠিকতা যাচাই, আপত্তি-নিষ্পত্তি, মাঠ পর্যায়ে তদন্ত, ত্রুটি সংশোধনে ১৫ দিন সময় দিয়ে সুযোগ দেয়া হবে। এরপর যোগ্য থাকলে নিবন্ধন সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

    আর নির্বাচন কমিশনার মো: আলমগীর জানান, নিবন্ধন আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। এ সংক্রান্ত ইসি সচিবালয়ের একটা কমিটি করা হয়েছে। তারা পর্যালোচনা করে উপস্থাপনের পর কমিশন বিষয়টি দেখবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.