এইমাত্র পাওয়া

সংসদের আসন বাড়িয়ে ৪৫০ করার দাবি

নিউজ ডেস্ক।।

দেশের জনসংখ্যা সাড়ে ৭ কোটি থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে সাড়ে ১৭ কোটি হওয়ায় জাতীয় সংসদে আসন সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৪৫০ করার দাবি জানিয়েছে ঢাকাস্থ দক্ষিণবঙ্গ আইনজীবী পরিষদ। একই সাথে আগামী সাধারণ নির্বাচনে এক-তৃতীয়াংশ আসনে আইনজীবীদের মনোনয়ন দেয়ার জন্য সরকারি দলসহ সব বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সংগঠনের বর্ধিত সভায় এ দাবি জানানো হয়। ঢাকাস্থ দক্ষিণবঙ্গ আইনজীবী পরিষদের সভাপতি শাহ মো: খসরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কাজী বশির আহমেদ, আওসাফুর রহমান বুলু, নাসিরউদ্দিন খান সম্রাট, কাজী শাহানা ইয়াসমিন, শামসুল জালাল চৌধুরী, এবিএম বাইজিদ, আক্তার হোসেন প্রমুখ।

সভায় আইনজীবীদের দায়েরকৃত মামলায় মোট কোর্ট ফি এর ৫ শতাংশ বারকাউন্সিল বেনিভোলেন্ট ফান্ডে জমা দেয়ার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানানো হয়। বৈঠকে আদালতকে দুর্নীতিমুক্ত ও মামলার জট মুক্ত করতে এবং দ্রুত মামলা নিষ্পত্তি করতে বলিষ্ঠ পদক্ষেপ নিতে বলা হয়। এ ছাড়া বৈঠকে বিচারকদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনা দেয়ার দাবি করা হয়।

সভায় বলা হয়, মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি এবং তখন জাতীয় সংসদে ৩০০ টি আসন ছিল। বর্তমান জনসংখ্যা সাড়ে ১৭ কোটি হওয়ায় সংসদে আসন সংখ্যা ৪৫০ করার জোর দাবি জানানো হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.