এইমাত্র পাওয়া

শিক্ষার্থী মৃত্যু ঘটনায় রাবি প্রশাসনের কমিটি গঠন

অনলাইন ডেস্ক।।

হলের তৃতীয় তলা থেকে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ হবিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম।

অধ্যাপক শরিফুল ইসলাম বলেন, হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী এমজিএম শাহরিয়ারের মৃত্যুর বিষয়টি তদন্ত করতে হলের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর জমা দেওয়া হবে।

হল প্রাধ্যক্ষ আরও বলেন, কমিটির তিনজনই হবিবুর হলের আবাসিক শিক্ষক। কমিটির আহ্বায়ক করা হয়েছে সহযোগী অধ্যাপক ড. গৌতম দত্তকে। কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী অধ্যাপক মো. আনাম শাহরিয়ার রাব্বি ও সহযোগী অধ্যাপক ড. আশিক শাহরিয়ার।

উল্লেখ্য, গত বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন মো. গোলাম মোস্তাকিম শাহরিয়ার নামে এক শিক্ষার্থী। তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.