এইমাত্র পাওয়া

প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রসচিবসহ আটক ৩ জন

এদিকে আজ বুধবার সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের চারটি বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সকালে চারটি পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। বিষয়গুলো হলো—গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রসায়ন।

তবে শিক্ষা বোর্ডের ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনিবার্য’ কারণে ওই চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই চার বিষয়ের পরীক্ষার তারিখ পরে জানানো হবে। এই চার বিষয় ছাড়া অন্য বিষয়গুলোর পরীক্ষা রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. সামছুল আলম বলেন, কুড়িগ্রামে গতকাল প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলাম ও সচিব মো. জহির উদ্দিন এসেছেন। এসে ভূরুঙ্গামারীতে অসংগতি পেয়েছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলা পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা নেহাল উদ্দিন বা‌লিকা উচ্চবিদ্যাল‌য় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। আর নেহাল উদ্দিন বা‌লিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে পাইলট উচ্চবিদ্যালয়ে। এর মধ্যে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষার আগেই দুই পরীক্ষার হাতে লেখা প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এ নিয়ে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিলে গতকাল দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কামরুল ইসলাম, সচিব মো. জহির উদ্দিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। পরে গতকাল রাতে এ ঘটনায় মামলা করা হয়।

জানতে চাইলে সহকারী পুলিশ সুপার মোরশেদুল হাসান বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগে তিন শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আরও দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.