এইমাত্র পাওয়া

সিআইডি পরিচয়ে তুলে নেওয়া চিকিৎসক রিমান্ডে

নিউজ ডেস্ক।।

সিআইডি পরিচয়ে তুলে নেওয়া চিকিৎসক শাকির বিন ওয়ালীসহ দুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া অপর আসামি হলেন আবরারুল হক।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবীর রিমান্ডের আদেশ দেন।

এ দিন মামলার তদন্ত সংস্থা সিটিটিসির ইন্সপেক্টর এস এম মিজানুর রহমান দুই আসামিকে আদালতে হাজির করে রামপুরা থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রামপুরা থানার আদালতে সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সেলিম রেজা রিমান্ডের তথ্য জানান।

গত রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরার বাসা থেকে শাকিরকে সিআইডি পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবার অভিযোগ করে। এরপর বুধবার ইন্সপেক্টর কাজী মিজানুর রহমান তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশের দাবি, তারা দুজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।

কুমিল্লার ‘নিখোঁজ’ ৭ শিক্ষার্থীর সঙ্গে ডা. শাকিরের যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শাকিরের প্ররোচনায় উদ্বুদ্ধ হয়েই ওই ৭ জন আনসার আল ইসলামে যোগ দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.