এইমাত্র পাওয়া

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অবৈধ নিয়োগ বাতিলের নির্দেশ

নিউজ ডেস্ক।।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) উপাচার্য শহীদুর রহমান খানের পরিববারসহ সব অবৈধ নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রনালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলমের সই করা এক চিঠিতে উপাচার্যকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, তদন্ত কমিটির নিকট উপাচার্য নিজেই স্বীকার করায় তার পরিবারের সদস্য ও আত্মীয় ৯ জনের নিয়োগ বাতিল করার ব্যবস্থা গ্রহণ করতে। একই সঙ্গে ‘বিষয় বিশেষজ্ঞ’ ছাড়া একই ব্যক্তিদের দিয়ে বাছাই বোর্ড গঠন করে ২০টি বিষয়ে নিয়োগ দেয়া ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিল করতে হবে। এছাড়া যে নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে উপাচার্যের স্ত্রী অধ্যাপক পদে আবেদন করেছেন সেটিও বাতিল করতে হবে।

এছাড়া চিঠিতে ভবিষ্যতে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ এবং বিষয় বিশেষজ্ঞ ছাড়া বাছাই বোর্ড গঠন না করার নিদের্শ দেয়া হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তে বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগে অনিয়মের নানা চিত্র উঠে আসে। ওই তদন্তের আলোকেই অবৈধ নিয়োগ বাতিলের নির্দেশ দেয়া হয়েছে।

২০১৫ সালে জাতীয় সংসদে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। ২০১৮ সালের সেপ্টেম্বরে উপাচার্য হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদুর রহমান খানকে নিয়োগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.