এইমাত্র পাওয়া

আইফোন ফেরত দেওয়া রিক্সা চালককে পুরস্কৃত করলো মেয়র আতিক

অনলাইন ডেস্ক।।

বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের আইফোন পেয়ে ফিরিয়ে দেওয়ায় রিকশাচালক আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

রোববার ডিএনসিসি কার্যালয়ের হলরুমে আমিনুল ইসলামের হাতে এই পুরস্কার তুলে দেন তিনি। ব্যক্তিগত তহবিল থেকে ওই রিকশাচালককে এই পুরস্কার দেন মেয়র।

এ সময় আতিকুল ইসলাম বলেন, মানুষের মধ্য থেকে এখনো সততা উঠে যায়নি। একজন রিকশাচালক দিনে আর কত টাকাই বা আয় করেন। চাইলে তিনি ওই ফোনটি বেঁচে দিতে পারতেন। তা না করে ফোনের মালিককে খুঁজে বের করে ফোনটি তার হাতে তুলে দিয়েছেন।

পুরস্কার পেয়ে আনন্দিত আমিনুল ইসলাম বলেন, পুরস্কার পেয়ে আমি খুব খুশি। তবে কোনো পুরস্কারের আশায় এই কাজ করিনি। অন্যের জিনিস ব্যবহার করতে চাইনি। তাই মোবাইলটি ফেরত দিতে এসেছি। এর আগে গত শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আসাদুজ্জামান রিকশাচালক আমিনুলকে সততার পুরস্কার হিসেবে একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পাশাপাশি তাকে নগদ টাকাও পুরস্কার দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাজধানীর গুলশান এলাকায় যাত্রী বসার গদির ফাঁকে বন্ধ অবস্থায় একটি মুঠোফোন (আইফোন ১৩ প্রো ম্যাক্স) পান রিকশাচালক আমিনুল ইসলাম। এরপর ৯ আগস্ট পুলিশের মাধ্যমে মুঠোফোনটি তিনি মালিকের কাছে ফিরিয়ে দেন।

আমিনুল ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতীতে। স্ত্রী জেসমিন আক্তারকে নিয়ে তিনি রাজধানীর বাড্ডা এলাকায় থাকেন। জেসমিন একটি পোশাক কারখানায় কাজ করেন। আমিনুল-জেসমিন দম্পতির দুটি সন্তান রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.