অনলাইন ডেস্ক।।
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দেশে আরও ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত সারাদেশে ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও ৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৩৫ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ১৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এতে আরও বলা হয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ২২২ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ১৭০ জন এবং ঢাকার বাইরে ৫২ জন চিকিৎসাধীন।
এর আগে, শনিবার (১৬ জুলাই) কারও মৃত্যু না হলেও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সবাই রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৭২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৮ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে মৃত্যু হয় ১০৫ জনের।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
