শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে : পলক

নিজস্ব প্রতিবেদক।।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ বলেছেন, প্রান্তিক অঞ্চলে কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার দেশের প্রথম ডিজিটাল ভিলেজ সেন্টার নির্মাণ করেছে।

তিনি বলেন, এই সেন্টারের প্রথম কাজ হবে কৃষক ও উৎপাদিত পণ্যের সঙ্গে ক্রেতাদের সম্পর্ক তৈরি করা। পাশাপাশি অনলাইনের মাধ্যমে কৃষি বিষয়ক তথ্য প্রদান, ফসলের রোগবালাই প্রতিরোধ, উৎপাদিত পণ্যের বাজার দর ও বাজারজাত করতে সহায়ক ভূমিকা রাখবে এই ডিভিসি।

শুক্রবার (১৫ জুলাই) সকালে কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতলী গ্রামের ডিজিটাল ভিলেজ সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। গত ১৩ বছর আগের গ্রাম আর আজকের গ্রামের দৃশ্য অনেক পরিবর্তন হয়েছে। যা শুধুমাত্র ডিজিটালাইজেশনের কারণে এবং সরকারের একান্ত প্রচেষ্টায় সম্ভব হয়েছে।”

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক নাসিম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ফুড এন্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের কান্ট্রি ডিরেক্টর এসনোভ বাকনোদুর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ রঞ্জন নাথ, এটুআই আইসিটি ডিভিশনের কর্মকর্তা আনির চৌধু্রী, রেজওয়ানুল হক জামি, উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব, উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা, সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীসহ, সরকারি-বেসকারি পদস্থ কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক রত্নাপালং ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারসহ নানা কার্যক্রম পরিদর্শন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে দুপুর ১ টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে উখিয়া ত্যাগ করেন তিনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.