নিজস্ব প্রতিবেদক।।
দেশের কোনো টিভি চ্যানেল একসাথে একাধিক বিদেশী সিরিয়াল সম্প্রচার করতে পারবে না। দেশের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-কৃষ্টি রক্ষায় এ সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) তৃতীয় সম্প্রচার সম্মেলনে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তথ্য ও সম্প্রচার সচিব মো: মকবুল হোসেন বিশেষ অতিথির বক্তব্য দেন।
বিজেসির অন্যতম ট্রাস্টি সৈয়দ ইশতিয়াক রেজার সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে আলোচনা করেন বিজেসি সভাপতি রেজওয়ানুল হক রাজা, সদস্য সচিব শাকিল আহমেদ, পরিচালকদের মধ্যে রাশেদ আহমেদ, নূর উস-সাফা জুলহাজ, বিএফইউজে সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু প্রমুখ।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকে দেশের অন্যতম পথপ্রদর্শক, যা কোনোভাবেই মালিকপক্ষের স্বার্থরক্ষায় ব্যবহৃত হওয়া উচিত নয়।
একইসাথে মন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইনের পরিবর্তন-পরিবর্ধনে সাংবাদিকদের সাথে সরকার একমত এবং সাংবাদিকদের শীর্ষ সংগঠনের লিখিত প্রস্তাবনার অপেক্ষায় রয়েছে। সুতরাং এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।
হাছান মাহমুদ এসময় দেশের গণমাধ্যমকে সমৃদ্ধতর করতে বিজেসির ভূমিকা জোরদারে গুরুত্ব দেন। তথ্যসচিব এবং আমন্ত্রিত অতিথিরা সম্প্রচার সম্মেলনের সাফল্য কামনা করেন।
সূত্র : ইউএনবি
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
