নিজস্ব প্রতিবেদক।।
বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি হতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে আইন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একই সঙ্গে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই কার্যক্রম ব্যাপকভাবে চালু করতে কিছু অবকাঠামো উন্নয়ন করতে হবে বলে জানান তিনি।
রোববার (২৬ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা একটা আইন তৈরি করছি। সে আইনের ভেতরেই থাকবে তাদের মেডিক্যাল টেস্ট করা হবে ভর্তির সময়। সেই টেস্টের সঙ্গে এই ডোপ টেস্টও করা হবে।
সরকারি চাকরিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করবেন কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন মাদক নিয়ে জিরো টলারেন্সের কথা বলছিলেন তখন আমরাই ডোপ টেস্টের কথা বলেছি। আমরা পুলিশ বাহিনীতে আগেই শুরু করে দিয়েছি।
তিনি বলেন, আমরা একটা প্রস্তাব পাঠিয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে সিভিল সার্জেন যে টেস্ট করেন, তার সঙ্গে ডোপ টেস্টও করবেন। এটা করতে কিছু অবকাঠামো উন্নয়ন করতে হবে। সে প্রচেষ্টা আমরা শুরু করেছি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
