নিউজ ডেস্ক।।
উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বৈষম্য দূর করতে পদক্ষেপ নিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রতিবন্ধীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে শিগরিরই একটি নীতিমালা প্রণয়ন করছে সংস্থাটি।
মঙ্গলবার কমিশনের স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি এস্যুরেন্স (এসপিকিউএ) বিভাগ আয়োজিত প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমন্বিত নীতিমালা প্রণয়ন সংক্রান্ত কর্মশালায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রফেসর বিশ্বজিৎ চন্দ প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বিষয়ে বলেন, এই নীতিমালার মাধ্যমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম হবে। প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া সহজ করা, তাদের জন্য বিশেষভাবে পরীক্ষার আয়োজন ও অতিরিক্ত সময় বরাদ্দ দেয়া, প্রতিবন্ধী সহায়ক অ্যাপস তৈরি ইত্যাদি বিষয় এই নীতিমালায় সংযুক্ত করা হবে বলে তিনি জানান।
কর্মশালায় বক্তারা জানান, দেশে ১২ ধরনের প্রতিবন্ধকতা নিয়ে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী রয়েছে। তাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে উচ্চশিক্ষা গ্রহণ করতে হয়। প্রতিবন্ধকতা ও নেতিবাচক মানসিকতার কারণে উপযুক্ত মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত সাফল্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি পলিসি গঠন করা গেলে উচ্চশিক্ষায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের সকল ধরনের প্রতিবন্ধকতা দূর হবে। উপযুক্ত শিক্ষা ও পরিবেশ নিশ্চিত করা গেলে তারা দক্ষ মানব সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
