মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় দিনে দুপুরে মিজানুর রহমান রুবেল (৪০) নামের এক শিক্ষকের দুই লাখ টাকা চুরি হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌর শহরের সদর রোডের মুদি দোকান হাওলাদার স্টোরে এ ঘটনা ঘটে। ঘটনাটি ওই দোকানের সিসি ক্যামেরা এবং কলাপাড়া অগ্রনী ব্যাংকের সিসি ক্যামেরায় ধরা পরেছে।
ওই ফুটেজে দেখা যায়, উত্তর নিশান বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান পৌনে বারোটার দিকে অগ্রনী ব্যাংক থেকে দুই লাখ টাকা তোলেন। এসময় মাথায় ক্যাপ এবং গায়ে সাদা কালো গেঞ্জি পরিহিত এক চোর তাকে নজরে রাখে। পরে পৌনে একটার দিকে মিজানুর একটি ব্যাগে করে ওই টাকগুলো নিয়ে এসে হাওলাদার স্টোরের প্রবেশ দ্বারে রেখে তিনি মুদি মালামাল ক্রয় করছিলো। এসময় ওই চোর পেছন থেকে এসে তার ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
টাকা হারানো শিক্ষক মিজানুর রহমান রুবেল কাঁদো কাঁদো কন্ঠে বলেন, অনেক কষ্ট করে বেতন থেকে বাঁচিয়ে টাকাগুলো জমিয়েছিলাম। জমি ক্রয়ের জন্য মামাকে দেয়ার জন্য টাকা গুলো তুলেছিলাম। তিনি আরও বলেন, বাজারের ব্যাগে টাকাগুলো রেখেছিলাম যাতে কেউ বুঝতে না পারে। কিন্তু চোর ব্যাংক থেকে আমাকে ফলো করে আসছিলো যা আমি বুঝতে পারিনি।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, খবর শুনে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ব্যাংক এবং ঘটনাস্থলের সিসি ক্যামেরা থেকে ফুটেজ উদ্ধার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্তের প্রক্রিয়া চলছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
