নিউজ ডেস্ক।।
আগামী ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন ২৬ জুন ভোর ৬টা থেকে সবার জন্য পদ্মাসেতু খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেতু বিভাগ আয়োজিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
এ সময় সেতু বিভাগের সচিব মঞ্জুর হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করবেন। তবে ওই দিনই পদ্মা সেতু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে না।
উদ্বোধনের দিনই জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে না জানিয়ে সচিব বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে চলে যাওয়ার পর প্রজ্ঞাপন দিয়ে জানানো হবে যান চলাচলের উন্মুক্তের সময়, সেটা হতে পারে পরদিন সকাল ৬টা থেকে।
এ সময় তিনি আরও বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে দুটি অনুষ্ঠান হবে। একটি মাওয়া প্রান্তে অন্যটি জাজিরা প্রান্তে। মাওয়া প্রান্তে হবে সুধী সমাবেশ। যেখানে শুধু প্রধানমন্ত্রী কথা বলবেন। তারপর মাওয়া প্রান্তে উদ্বোধনী ফলক ও ম্যুরাল উদ্বোধন করবেন তিনি।
সচিব জানান, সবকিছু ঠিক থাকলে পদ্মা সেতু পার হয়ে বেলা ১১টায় তিনি জাজিরা প্রান্তের সমাবেশে যোগ দেবেন। ওপাশেও একটি উদ্বোধনী ফলক ও ম্যুরাল থাকবে সেটিও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাজিরা প্রান্তে আয়োজিত সমাবেশে ১০ লাখের বেশি মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানগুলো এক সঙ্গে ৮ বিভাগ, ৬৪ জেলায় সরাসরি সম্প্রচার করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
