নিউজ ডেস্ক।।
চলতি বছরের মধ্যে ঢাকা-টোকিও সরাসরি ফ্লাইট চালু হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
মঙ্গলবার (৭ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ডিকাব টক’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ রুটে ফ্লাইট চালু করবে। এটি চালু হলে ঢাকা থেকে নারিতা বিমানবন্দরে যেতে ৬ ঘণ্টা সময় লাগবে।
ইতো নাওকি বলেন, ফ্লাইট চালু হলে দুই দেশের জনগণ উপকৃত হবে। এর ফলে দুই দেশের সম্পর্ক আরও বাড়বে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইতো নাওকি আরও বলেন, গতবারের তুলনায় এবার বাংলাদেশে ভালো নির্বাচন প্রত্যাশা করে জাপান। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বাংলাদেশ সরকার পদক্ষেপ নেবে বলে আশা জাপানের।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে ইতো নাওকি বলেন, ‘আগামী বছরের শেষে নির্বাচন হওয়ার কথা। এ নির্বাচন নিয়ে গণমাধ্যম প্রতিদিন খবর প্রচার করছে। নির্বাচনের ব্যাপারে আমি সরকারের দিক থেকে কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ার বিষয়টি লক্ষ করেছি। এগুলোর মধ্যে রয়েছে নতুন আইন প্রণয়ন ও নতুন নির্বাচন কমিশন গঠনের মতো বিষয়। আমি আশা করব, গতবারের তুলনায় এবার ভালো, অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার পদক্ষেপ নেবে।
সাংবাদিকদের উদ্দেশে জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘আপনারা হয়তো শুনে অবাক হতে পারেন, ঢাকায় জাপান দূতাবাস ২০১৮ সালের ডিসেম্বরের নির্বাচনের পরপরই উদ্বেগ জানিয়ে বিবৃতি প্রচার করেছিল। সেখানে মূল উদ্বেগের প্রসঙ্গ ছিল নির্বাচনকালীন সহিংসতা। প্রত্যেক নাগরিক যাতে অবাধে ভোটাধিকারের চর্চা করতে পারে, এটি জরুরি। এ পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকাকে খাটো করে দেখার সুযোগ নেই।’
ইতো নাওকি বলেন, ‘জাপান যে বাংলাদেশে তুলনামূলকভাবে ভালো ও অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, তা সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বলেছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমাদের প্রত্যাশার বিষয়টি সরকারের সংশ্লিষ্টদের কাছে অব্যাহতভাবে তুলে ধরতে থাকব।’
অবাধ-সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে গণমাধ্যমের অবাধ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন জাপানের রাষ্ট্রদূত। তিনি বলেন, ভালো নির্বাচন আয়োজনের স্বার্থে গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করতে পারাটা জরুরি। জনগণের আকাঙ্ক্ষার বিষয়টি গণমাধ্যমে কীভাবে প্রতিফলিত হতে পারে, সেটি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে গণমাধ্যম-সংশ্লিষ্ট আইনের প্রসঙ্গ টেনে ইতো নাওকি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ঘিরে এই মুহূর্তে সাংবাদিকদের মধ্যে বিতর্ক চলছে। তাই এখন থেকে নির্বাচন পর্যন্ত গণমাধ্যমকর্মীদের অবাধে কাজ করার সুযোগ থাকতে হবে।
ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস ও সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দীন বক্তব্য রাখেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
