নিউজ ডেস্ক।।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি প্রাথমিক বিদ্যালয় ভবন নিলামে বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি নিলামে বিক্রি করা হয়েছে মাত্র ২০ হাজার টাকায়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবন ভেঙে পিডিপি-৪-এর আওতায় নতুন ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়।
এ জন্য ১০-১২ বছর আগে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী গত সোমবার সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিসে নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গোপনে অন্য একটি কক্ষে নিলাম অনুষ্ঠিত হয়। এতে সবুজ হাসান নামের এক ব্যক্তির কাছে মাত্র ২০ হাজার টাকায় ভবনটি বিক্রি করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, নিলামের ব্যাপারে কোনো মাইকিং কিংবা প্রচারণা চালানো হয়নি। নগদ তিন লাখ টাকায় ভবনটি কেনার লোক থাকলেও একটি চক্র উৎকোচের বিনিময়ে প্রকৌশল বিভাগকে ‘ম্যানেজ’ করে সিন্ডিকেটের মাধ্যমে এমন অবস্থা সৃষ্টি করে, যাতে এত কম মূল্যে ভবনটি কেনা সম্ভব হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নিলাম কমিটির সদস্য উম্মে হানী বলেন, কত টাকায় নিলাম দেওয়া হয়েছে, তা আমি জানি না।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘নিয়ম অনুযায়ী আমরা সরকারি মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করেছি। ’
উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান বলেন, ভবনটি ভাঙার পর প্রাপ্ত মালের মূল্য ধরা হয়েছে ৯৫ হাজার ২১ টাকা এবং মালপত্র ভাঙা ও অপসারণ খরচ ধরা হয়েছে ৭৯ হাজার পাঁচ টাকা। সে অনুযায়ী নিলামে বিক্রির সরকারি মূল্য ধরা ছিল ১৬ হাজার ১৬ টাকা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
