এইমাত্র পাওয়া

রাজউকে নতুন চেয়ারম্যান, সচিব পদে রদবদল

নিউজ ডেস্ক।।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) আনিছুর রহমান মিঞাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া স্থানীয় সরকার, স্বাস্থ্যসেবাসহ ৯ জন সচিব ও এই পদমর্যাদার কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বুধবার এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বদলি ও পদোন্নতির মাধ্যমে এই পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তন হওয়া সচিবদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিনকে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামালকে। পদোন্নতি দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ফারহিনা আহমেদকে।

এ ছাড়া আরও তিন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব পদে পদায়ন করা হয়েছে। এর মধ্যে খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেনকে খাদ্য মন্ত্রণালয়ে, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাসানুজ্জামান কল্লোলকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অন্যদিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব), মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এবং রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরীকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) আনিছুর রহমান মিঞাকে রাজউকের চেয়ারম্যান করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.