অনলাইন ডেস্ক।।
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের তথ্য পাঠাতে স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ করতে বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ৩১ মের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদ করতে হবে।
এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, চতুর্থ গণবিজ্ঞপ্তির কার্যক্রম গ্রহণ করার জন্য ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে জন্য দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) প্রধানদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নতুনভাবে ই রেজিস্ট্রেশন করবেন তাদেরকে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এনটিআরসিএ আরও বলছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানকে ইতোমধ্যে ই-রেজিস্ট্রেশন করা হয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ই-রেজিস্ট্রেশন ফর্মের এডিট অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদ করতে হবে। নতুন ই-রেজিস্ট্রেশন এবং প্রোফাইল হালনাগাদ করার সর্বশেষ তারিখ ৩১ মে। নির্ধারিত তারিখের মধ্যে প্রতিষ্ঠানের প্রোফাইল হালনাগাদ করা না হলে পরবর্তীতে প্রতিষ্ঠান কর্তৃক অনলাইনে শিক্ষক চাহিদা (e-requisition) দেয়া সম্ভব হবে না।
সঠিকভাব এ কাজটি সম্পাদনের জন্য সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি) প্রধানদেরকে এনটিআরসিএর ওয়েবসাইটের (www.ntrca.gov.bd)) ই-রেজিস্ট্রেশন সেবা বক্সে দেয়া নির্দেশনা অনুসরণ করতে বলেছে এনটিআরসিএ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
