নিজস্ব প্রতিবেদক।।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলন্ত শাটল ট্রেনে এক ছাত্রীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীর পিছু নিতে ট্রেন থেকে লাফ দিয়ে আহত হন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।
রোববার (২৪ এপ্রিল) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন কদমতলী মোড় অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্রী নন্দিতা দাস চবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্রী। তিনি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ক্যাম্পাসে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসা সকাল ৮টার শাটল ট্রেন কদমতলী মোড় পার হওয়ার সময় ওই ছাত্রীর মোবাইল ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নেমে যায় এক ছিনতাইকারী। এ সময় ছিনতাইকারীর পিছু নিয়ে ছাত্রীও চলন্ত ট্রেন থেকে লাফ দেন। ট্রেনের গতি বেড়ে যাওয়ার কারণে ট্রেনে দায়িত্বে থাকা পুলিশ নামতে পারেনি। ফলে ছিনতাইকারী পালিয়ে যায়।
চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম বাংলানিউজেক বলেন, আমরা বিষয়টি জেনেছি। মেয়েটার আজকে পরীক্ষাও ছিল। সে পরীক্ষায় অংশ নিয়েছে। তার ইনস্টিটিউটের পরিচালকের সঙ্গে কথা বলেছি আমরা। খোঁজ নিতে বলেছি। পরীক্ষা শেষে সে প্রক্টর অফিসে যোগাযোগ করার কথা ছিল। কিন্তু সে এখনও কোনো অভিযোগ দেয়নি। কিন্তু আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ব্যবস্থা নেওয়া হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
