নিউজ ডেস্ক।।
পিরোজপুরের নাজিরপুরে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে এক শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দুপুরে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের লেবুজিলবুনিয়া ফাজিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
মারধরের শিকার আহত শিক্ষক মো. বদিউজ্জামান লেবুজিলবুনিয়া ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক।
শিক্ষককে মারধরের প্রতিবাদে ওই মাদ্রাসার শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও হামলাকারীদের একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শিক্ষককে হামলাকারীরা দীর্ঘা ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামের মো. শরিফুল ইসলাম ও তার ছোট ভাই রফিকুল ইসলাম বলে অভিযোগ ভুক্তভোগী শিক্ষকের।
হামলায় আহত শিক্ষক মো. বদিউজ্জামান ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিক্ষক শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছিলেন। এ সময় শরিফুল ও তার ভাই রফিকুল তাকে ক্লাস থেকে ডেকে নিয়ে মারধর করেন। রফিকুল পটুয়াখালীর লেবুখালী সেনা ক্যাম্পে চাকরিরত।
দীর্ঘা ইউপি চেয়ারম্যান আশুতোষ ব্যাপারী বলেন, বিষয়টি নারীঘটিত বলে জানতে পেরেছি। বিষয়টি মিমাংসার চেষ্টা করা হচ্ছে৷
এ ব্যাপারে বৈঠাকাটা ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর মো. আউয়াল বলেন, খবর শুনে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আশুতোষ ব্যাপারী মীমাংসার উদ্যোগ নিয়েছেন। তার পরও কোন অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
লেবুজিলবুনিয়া ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক শিক্ষক মো. মোজাম্মেল হোসেন বলেন, শিক্ষক বদিউজ্জামানেরও কিছু অপরাধ রয়েছে বলে মনে হয়। মিমাংসার চেষ্টা চলছে৷
এ ব্যাপারে নাজিরপুরে থানার অফিসার ইন চার্জ মো. হুমায়ুন কবির জানান, বিষয়টি শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। শুনেছি বিষয়টি স্থানীয়ভাবে মিটমাট করে দেয়া হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
