এইমাত্র পাওয়া

জাবিতে অটোরিকশা চালুর দাবিতে বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বন্ধ থাকা অটোরিকশা পুনরায় চালু করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নতুন রেজিস্ট্রার ভবন হয়ে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে শিক্ষার্থীরা পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন৷ এসময় তাঁরা অবিলম্বে ক্যাম্পাসে অটোরিকশা চালু এবং মোটরসাইকেল ও গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত সংখ্যক স্পিড ব্রেকার স্থাপনের জন্য দাবি জানান।

উপাচার্যের রুটিন দায়িত্বে নিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম অবিলম্বে অটোরিকশা চালু করার আশ্বাস দিয়ে বলেন, ‘আগামী শনিবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা করা হবে। আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.