এইমাত্র পাওয়া

১১৪ টি বাঘ ও ৪০-৫০ হাজার বানর আছে সুন্দরবনে

অনলাইন ডেস্ক।।

বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন সংসদকে জানিয়েছেন, সর্বশেষ ২০১৮ সালের জরিপ অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ১১৪টি। ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে গণনা করে ২০১৫ সালে সুন্দরবনে ১০৬টি বাঘ পাওয়া গিয়েছিল। এছাড়া সুন্দরবনে এক থেকে দেড় লাখ হরিণ, ১৬৫ থেকে ২০০টি কুমির এবং ৪০ থেকে ৫০ হাজার বানর রয়েছে।

সোমবার (৪ এপ্রিল) টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

ঢাকা-২০ আসনের এমপি বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে বনমন্ত্রী জানান, বর্তমানে দেশে বনের পরিমাণ মোট ভূমির ১৪ দশমিক ১০ শতাংশ, বৃক্ষাচ্ছাদনের পরিমাণ মোট আয়তনের ২২ দশমিক ৩৭ শতাংশ।

সরকারি দলের এমপি আ কা ম সরওয়ার জাহানের প্রশ্নের জবাবে শাহাব উদ্দিন জানান, সামাজিক বনায়নের আওতায় ১৯৮০-৮১ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত ১ লাখ ২ হাজার ৩৩৯ দশমিক ২৮ হেক্টর উডলট ও ব্লক বাগান সৃষ্টি করা হয়েছে। এছাড়া ৭৬ হাজার ৭৫২ দশমিক ৩৬৬ কিলোমিটার স্ট্রিপ বাগান সৃষ্টি করা হয়েছে। এতে করে ৭ লাখ ২৬ হাজার ৬৫৪ জন উপকারভোগীকে সম্পৃক্ত করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.