নিউজ ডেস্ক।।
কৈশোরকালীন পুষ্টি নিশ্চিত করতে আজ রবিবার দেশের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের আয়রন টেবলেট খাওয়ানোর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় আট কোটি আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
বিদ্যালয়গুলোতে আয়রন ট্যাবেলট খাওয়ানোর কার্যক্রম শুরু করতে গত বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে ইউনিসেফের সহায়তায় লক্ষাধিক শিক্ষক-কর্মকর্তাকে অ্যাডলসেন্ট নিউট্রিশন ট্রেনিং অ্যাপসের মাধ্যমে পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এর আগে গত ২০২০ সালের ৮ অক্টোবর কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের প্রশিক্ষণ অ্যাপস এবং কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে গাইডলাইন-২০২০ এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় আট কোটি আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
রবিবার থেকে দেশব্যাপী সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের প্রতি সপ্তাহে একটি করে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম শুরু করার জন্য নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
