এইমাত্র পাওয়া

২৮ তারিখের হরতালে যানবাহন চালানোর সিদ্ধান্ত

নিউজ ডেস্ক।।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামীকাল সোমবার বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা হরতালে বিভিন্ন রুটে যানবাহন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এ জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান সংগঠনের সাধারন সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার ঢাকা সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকাস্থ পরিবহন মালিক-শ্রমিকদের একটি যৌথসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা ২৮ মার্চের হরতালের ব্যাপারে আলোচনা করে যানবাহন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বলা হয়, অযৌক্তিক অজুহাতে ডাকা এ হরতাল মালিক-শ্রমিকরা সমর্থন করে না।

২৮ মার্চ ঢাকা শহর, শহরতলি ও আন্তঃজেলার সকল রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। এ দিন গাড়ি চলাচলে যাতে কোনো বাধার মুখে পড়তে না হয় সে জন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান তারা; যাতে রাস্তায় কোনো গাড়ি বাধার মুখে না পড়ে। সোমবারের হরতাল সব মানুষের : সিপিবি বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামীকাল সোমবারের হরতাল কোনো দলের নয়; বরং তা দেশের সব মানুষের হরতাল।

গতকাল শনিবার হরতালের সমর্থনে সাভার স্মৃতিসৌধ এলাকা ও রাজধানীর হাতিরঝিলে পদযাত্রা, প্রচারপত্র বিতরণ এবং পথসভায় এ কথা বলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতারা। সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সোমবার অর্ধদিবস দেশব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়ে বলেন, সরকার লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে চলছে। এর বিরুদ্ধে জনগণের রায় দিতে হবে। তিনি হরতাল বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হুমকির সমালোচনা করে বলেন, সব স্বরাষ্ট্রমন্ত্রী এ রকম মুখস্থ কথা বলেন। এসব কথা পুরনো ফাইল দেখে বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণের প্রতি আহ্বান জানিয়ে সিপিবি সাধারণ সম্পাদক আরো বলেন, জান বাঁচাতে এ হরতাল কোনো দলের নয়, সব মানুষের। তাই নিজে হরতাল পালন করুন।

অন্যকে উৎসাহিত করুন। হরতালের প্রচার অব্যাহত রাখুন। হরতাল সফল করতে ভূমিকা নিন। নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি সমাবেশ গড়ে তুলতে এগিয়ে আসুন। পদযাত্রা, প্রচারপত্র বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, আহসান হাবীব লাভলু, ডা: সাজেদুল হক রুবেল, লুনা নূর, রাগীব আহসান মুন্না, লাকী আক্তারসহ অন্য নেতাকর্মীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.