এইমাত্র পাওয়া

রমজানে স্কুল খোলা থাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ- ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিনিধি।।

ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) মো. শফিকুল ইসলাম বলেছেন, সামনে রমজান মাস আসছে। এবার রমজান মাসে স্কুল খোলা থাকবে। এতে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার উপর বাড়তি চাপ ফেলবে। এটা ডিএমপির জন্য বড় চ্যালেঞ্জ। থানার টহল পার্টিগুলোকে প্রত্যেক বড় বড় মোড়গুলোতে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে হবে। যে যেখানেই চাকরি করি না কেন কারও দৃষ্টিতে কোনো অনিয়ম বা ট্রাফিক বিশৃঙ্খলা চোখে পড়লে সংশ্লিষ্ট বিভাগকে অবগত করতে হবে।

গতকাল সকালে রাজধানীর রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএমপি কশিনার বলেন, শুধু পাহারা দিয়ে অপরাধ দমন করা যায় না।
অপরাধীদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলন কিংবা গার্মেন্ট শ্রমিকদের বেতন-ভাতা পরিবহনের ক্ষেত্রে তাদের নিরাপত্তা দেয়ার পাশাপাশি ছিনতাইকারী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের সবাইকে শতভাগ উজাড় করে দিতে হবে। সবার চলাচলের নিরাপত্তা বিধান করতে পারলেই আমরা সফল হিসেবে গণ্য হবো। এসময় ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.