জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২০-২১ শিক্ষাবর্ষের বিভিন্ন অনুষদে সিট ফাঁকা হলেও নতুন করে আর কোনো ভর্তি কার্যক্রম করা হবে না। এমনটিই জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
২০২০-২১ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদে সর্বমোট এক হাজার নব্বইটি আসনের ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছিল প্রশাসন। দুইবার মেধাতালিকা প্রকাশ ও কোটায় ভর্তির পরও প্রায় দুই শতাধিক আসন ফাঁকা আছে বলে জানান রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ুন কবির।
এ খবর ছড়িয়ে পড়ার পর ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সামাজিক মাধ্যম ফেসবুক ব্যবহার করে এই সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানাচ্ছেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থী আফসারা ঐসি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, বিশ্ববিদ্যালয়ের হঠাৎ করে আর ভর্তি না নেওয়ার সিদ্ধান্ত শুধু শিক্ষার্থী নয়, অনেক শিক্ষার্থীর পরিবারকেও সংশয়ের মধ্যে নিপতিত করেছেন।যেসব শিক্ষার্থী অধীর আগ্রহ নিয়ে অপেক্ষমান ছিলো, তাদের আশার কোনো মূল্য না দিয়ে বিশ্ববিদ্যালয় তার মর্জি মত সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের ভবিষ্যতের পথ চলা কে রুদ্ধ করে দিয়েছে। আমরা চাই যত আসন ফাকা রয়েছে সেইসব আসন পূর্ণ করে আমাদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু করতে উপাচার্য মহোদয় তার সদয় মনোভাব প্রকাশ করবেন।
আরেক ভর্তিচ্ছু সুমন মণ্ডল জানান, এটা চরম অন্যায় করা হচ্ছে আমাদের সাথে। প্রথমে গুচ্ছ কমিটি ১২০০ করে টাকা নিল, এরপর নজরুল বিশ্ববিদ্যালয় ইউনিটপ্রতি চারশো করে ফি নিলো। তারা যদি সিট ফাঁকা রেখে দেয়, আমাদের সুযোগ না দেয় তাহলে টাকা গুলো ফিরিয়ে দিক।
এ বিষয়ে জানতে চাইলে উপাচার্য সৌমিত্র শেখর বলেন, ২০২০-২১ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারের রুটিন অনুযায়ী ২০ মার্চের মধ্যে সকল বিভাগের মিডডার্ম পরীক্ষা শুরু হবে। এজন্য নতুন করে ভর্তি কার্যক্রম সম্ভব না। একাডেমিক ক্যালেন্ডারের রুটিন অনুযায়ী পরীক্ষা না নিলে ৪ বছরের কোর্স ৫/৬ বছর লাগবে। এতে করে শিক্ষার্থীদের সেশনজটে পড়তে হবে। শিক্ষার্থীদের কথা চিন্তা করেই সঠিক সময়ে একাডেমিক রুটিন অনুযায়ী সকল কাজ শেষ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির বলেন, উপাচার্য মহোদয়ের বক্তব্যের সাথে আমিও সহমত। কারণ ৭ ফেব্রুয়ারি ক্লাস শুরুর পর প্রায় দেড় মাস চলে গিয়েছে। অনেক বিভাগ তাদের মিডটার্ম পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। তাছাড়া সামনে আরেকটা সেশনের ভর্তির সময়ও চলে এসেছে। এমতাবস্থায় ভর্তি প্রক্রিয়া অব্যাহত রাখলে একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
