এইমাত্র পাওয়া

৪৭৩ শিক্ষকের বদলির আদেশ স্থগিত

নিজস্ব প্রতিনিধি।।

দেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের বদলির আদেশ বাতিল করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর। এতে গত এক সপ্তাহের একাধিক আদেশের ৪৭৩ জন শিক্ষকের বদলির আদেশ বাতিল হলো।

ফলে যে শিক্ষক যে বিদ্যালয়ে ছিলেন তিনি সেখানেই থাকবেন। গত বুধবার মাউশি অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

সাধারণত শিক্ষকদের নিজ এলাকার কাছাকাছি পদায়ন করা হয়। তবে কোনো অভিযোগ থাকলে কখনো কখনো সরকারি চাকরিজীবীদের দূরবর্তী স্থানে বদলি করার উদাহরণ আছে।

কিন্তু মাধ্যমিকের ওই শিক্ষকদের বদলি কোনো অভিযোগের ভিত্তিতে করা হয়নি। দেখা গেছে, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ১৪৩ জন শিক্ষককে বান্দরবান, রাঙামাটি, ভোলা, নোয়াখালীর হাতিয়া, বরগুনাসহ দুর্গম এলাকায় বদলি করা হয়।

ফলে বদলি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। জানা যায়, সম্প্রতি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে দুই হাজার ৬৬ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়। তাদের বেশির ভাগের ক্ষেত্রেই শিক্ষা মন্ত্রণালয় কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাজধানী ও জেলা শহরে পদায়ন দিয়েছে।

অথচ ১৯৯৪ সালে জারি করা পরিপত্রে বলা হয়েছে, নতুন নিয়োগ পাওয়া শিক্ষকদের প্রথমে উপজেলা বা থানাপর্যায়ে নিয়োগ দিতে হবে। এরপর জেলায় নিয়োগ দেয়া হবে। তবে পদ শূন্য থাকা সাপেক্ষে পুরনো ও বিভাগীয় শহরেও নিয়োগের সুযোগ আছে।

পরিপত্র পুরোপুরি না মেনে বিপুলসংখ্যক শিক্ষককে বিভাগীয় ও জেলা পর্যায়ে নামিদামি স্কুলে পদায়ন দেয়ায় অনেক বিদ্যালয়ে অনুমোদিত পদের চেয়ে জনবল বেশি হয়ে গেছে। এ কারণে নতুন শিক্ষকদের বেতন-ভাতা পেতে সমস্যা হচ্ছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.