গ্রাম বাংলায় চিরায়ত বৈচিত্র্য তুলে ধরতে নানা ধরনের আয়োজন থাকবে। চলচ্চিত্র প্রদর্শনী হবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠান থেকে এই মেলার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে জানানো হয়, সভামঞ্চের পেছনের অংশ বঙ্গবন্ধুর আদি বাড়ির আদলে করা হয়েছে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মুহাম্মদ ফারুক খান, মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী, উত্তর গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শেখ মুনিয়া ইসলাম।জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বেলা ১১টা ২৭ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সব সদস্যের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় ৩ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বেলা ১১টা ১৩ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করেন এবং পরে গাড়িযোগে জাতির পিতার সমাধিস্থলে পৌঁছান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মাহবুব-উল আলম হানিফ, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সালমান এফ রহমান, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানি-সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সারহান নাসের তন্ময়, শেখ ফজলে সামস্ পরশ, আইজিপি ড. বেনজীর আহমেদ, ড. কামাল আবদুল নাসের চৌধুরী, অসীম কুমার উকিল, আসাদুজ্জামান নূর, সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এবং স্থানীয় জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।রাষ্ট্র ও জাতির পক্ষে জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী দলীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আলাদাভাবে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান। বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানায়।বঙ্গবন্ধুর সমাধিতে সাধারণ মানুষের শ্রদ্ধা : প্রধানমন্ত্রী ঢাকা রওনা দেওয়ার পর সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বঙ্গবন্ধুর সমাধিসৌধ অবমুক্ত করে দেওয়া হয়। বঙ্গবন্ধুর সমাধিতে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত মানুষের ঢল নামে। রং-বেরঙের পতাকা, ব্যানার, ফেস্টুুন ও তোরণ দিয়ে টুঙ্গিপাড়াকে বর্ণিল সাজে সাজানো হয়। শিশু সমাবেশের শুরুতে শুভ শুভ শুভ দিন বঙ্গবন্ধুর জন্মদিন ধ্বনিতে বঙ্গবন্ধুর জন্মভূমি টুঙ্গিপাড়া মুখরিত হয়ে ওঠে। সর্বত্রই বিরাজ করছিল উৎসবের আমেজ। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত সবাইকে মুগ্ধ করে শিশুদের পরিবেশনা। উৎসবমুখর পরিবেশে হাজার হাজার মুজিব আদর্শের অনুসারীরা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি জন্মদিনের শ্রদ্ধা নিবেদন করেন। ফুলে ফুলে ভরে ওঠে বঙ্গবন্ধুর সমাধিসৌধ।
দোয়া ও মোনাজাত : টুঙ্গিপাড়া উপজেলার সব মসজিদে বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। গোপালগঞ্জ কেন্দ্রীয় সার্বজনীন কালিবাড়ীতে প্রার্থনা অনুষ্ঠিত হয়। সেখানে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, শাস্ত্রপাঠ ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।