এইমাত্র পাওয়া

জাবিতে আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর সহযোগিতায় তৃতীয় বারের মতো শুরু হয়েছে ৫ দিনব্যাপী আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা।

বুধবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৫টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা।

এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ‘নেতৃত্বে নারী: কোভিড-১৯ বিশ্বে সমান ভবিষ্যৎ অর্জন।’ আজ থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।

আয়োজন সম্পর্কে জেইউডিও-র সভাপতি ফারহান আনজুম করিম বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে নারী-পুরুষের সমতার বিধানে অবদান রাখতে পারবো বলে আমরা বিশ্বাস করি।’

তিনি আরও জানান, এবারের প্রতিযোগিতাটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতার প্রথম ভাগে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। যা অনুষ্ঠিত হবে ১৮ এবং ১৯ মার্চ। এ প্রতিযোগিতায় বিশ্বের ১৬টি দেশের প্রায় ২০০ জনের বেশি বিতার্কিক এবং বিচারক অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার দ্বিতীয় ভাগে অনুষ্ঠিত হবে ‘জাতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা’। যা অনুষ্ঠিত হবে ১৭ মার্চ।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক জিল্লাল হোসাইন সৌরভ, প্রতিযোগিতার আহ্বায়ক নূর আহম্মদ হোসেন, সহ-আহ্বায়ক তাপসী দে প্রাপ্তি, রাতুল হোসেন এবং প্রেস এন্ড মিডিয়া সম্পাদক জাহিদুল ইসলাম নাবিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.