এইমাত্র পাওয়া

শিক্ষাবিদদের সাথে সংলাপে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা তৈরি করতে ধারাবাহিক সংলাপের প্রথম দিনে নির্বাচন কমিশনের সাথে শিক্ষাবিদদের সংলাপ শুরু হয়েছে। আজ রোববার (১৩ই মার্চ) বিকেলে সংলাপের প্রথম দিনে ৩০ জনকে আমন্ত্রণ জানানো হলেও মাত্র ১৩ জন শিক্ষাবিদ অংশ নিয়েছেন।

সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক করার জন্য ও জনগণের প্রত্যাশা পূরণের জন্য এই সংলাপের আয়োজন। সংলাপে অনেক পরামর্শ উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। 
ইসির বৈঠকে যারা উপস্থিত রয়েছেন: জাফর ইকবাল, শিক্ষাবিদ; এম আনোয়ার হোসাইন, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ; প্রফেসর এম আবুল কাশেম মজুমদার, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়; অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. আখতার হোসেন, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়; লায়লুফার ইয়াসমিন, শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. এ এফ এম মফিজুল ইসলাম, উপচার্য সাউথইস্ট ইউনিভার্সিটি; মুহাম্মদ ইয়াহিয়া আখতার, অধ্যাপক চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়; আল মাসুদ হাসানুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ড. নিয়াজ আহম্মেদ খান, প্রো ভাইস চ্যান্সেলর ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি এবং ড. বোরহান উদ্দিন খান, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা তৈরি করতে আজ থেকে অংশীজনদের সাথে সংলাপে বসেছে নির্বাচন কমিশন। বিকেলে প্রথমদিনের সংলাপে নবনিযুক্ত কমিশন আলোচনায় বসে বিশিষ্ট শিক্ষাবিদদের সাথে। ধারাবাহিকভাবে সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও নিবন্ধিত রাজনৈতিক দলের নেতাদের সাথে এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসি। আগামী ২২শে মার্চ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপে বসার কথা আছে নির্বাচন কমিশনের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.