এইমাত্র পাওয়া

আইডি,পাসওয়ার্ড পেতে শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে আবেদন

এনটিআরসিএর সার্ভারের হারিয়ে যাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড ফিরে পেতে এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তার মাধ্যমে আবেদন করতে হবে। শিক্ষক নিয়োগ সুপারিশ পাওয়ার পর তাদের যোগদান নিশ্চিত করতে ও শূন্যপদের তথ্য দিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এনটিআরসিএর সার্ভারে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হয়। লগইন করার পর প্রতিষ্ঠান প্রধানরা এ আইডি পাসওয়ার্ড দিয়ে নতুন শিক্ষকদের যোগদান কনফার্মেশন ও শিক্ষক শূন্যপদের চাহিদা অনলাইনে এনটিআরসিএ কার্যালয়ে পাঠাতে পারেন। কিন্তু অনেক প্রতিষ্ঠান প্রধানই এনটিআরসিএ সার্ভারের পাসওয়ার্ড ও ইউজার আইডি হারিয়ে ফেলেন। হারিয়ে ফেলা এসব ইউজার আইডি ও পাসওয়ার্ড ফিরে পেতে জেলা শিক্ষা কর্মকর্তা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে এনটিআরসিএ কার্যালয়ে প্রতিষ্ঠান প্রধানদের আবেদন করতে হবে। এনটিআরসিএ থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেবা সহজীকরণের অংশ হিসেবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন তাদেরকে এনটিআরসিএ দপ্তরে জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে আবেদনের পর তাদের এনটিআরসিএর কার্যালয় থেকে মোবাইলে এসএমএসের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। আবেদনের সঙ্গে প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ও প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর সঠিকভাবে উল্লেখ করতে হবে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.