এইমাত্র পাওয়া

ফাঁকা আসন পূরণের দাবিতে ঢাবির প্রশাসনিক কার্যালয়ের বাইরে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ফাঁকা আসন পূরণের দাবিতে ঢাবির প্রশাসনিক ভবনের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। তাদের নীলক্ষেত মোড় অবরোধ কর্মসূচি থাকলেও সেখানে না গিয়ে ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে অবস্থান নেন। এরপর তারা মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের দিকে যেতে চাইলে প্রক্টরিয়াল টিমের সদস্যরা গেটে তালা দেয়। ফলে মূল গেটের বাইরের রাস্তায় বসেই বিক্ষোভ করতে থাকেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘তিন হাজার সিট গেল কই, জবাব চাই, জবাব চাই’, ‘উই ওয়ান্ট কলেজ, উই ওয়ান্ট সাবজেক্ট’, ‘অনিয়ম মানি না, মানবো না, মানবো না’, ‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা আমাদের অধিকার’, ‘সকলের ভর্তি নিশ্চিত কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, দুই দফা দাবিতে গত ২ মার্চ সাত কলেজের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নীলক্ষেত অবরোধ কর্মসূচি পালন করার পর সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দ্বিতীয় দফা দাবি (অপেক্ষমাণ থাকা আসনে মেধাতালিকা প্রকাশ) মেনে নিয়ে নোটিশ প্রকাশ করেছেন, এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ। কিন্তু এখনও ওই দাবিটির বাস্তবায়ন দেখতে পাইনি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.