এইমাত্র পাওয়া

শিক্ষাবিদদের সাথে রোববার ইসির সংলাপ

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষাবিদদের সাথে সংলাপের মধ্য দিয়ে নতুন দায়িত্ব পাওয়া নির্বাচন কমিশন (ইসি) নাগরিক পর্যায়ে প্রথম মুখোমুখি হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলসহ সব মহলের সাথে পরামর্শ করে রোডম্যাপ তৈরি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, এ লক্ষ্যে আগামী ১৩ মার্চ শিক্ষাবিদদের সাথে সংলাপ করা হবে।

পর্যায়ক্রমে, রাষ্ট্রবিজ্ঞানী, নির্বাচন বিশ্লেষক, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতাদের সাথেও সংলাপে বসা হবে। আগারগাঁওস্থ নির্বাচন ভবনে গতকাল নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান মো: আলমগীর।

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সবার পরামর্শের আলোকে তৈরি করা হবে রোডম্যাপ। সংলাপের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে করণীয় নির্ধারণ করা হবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা প্রয়োজন, তা করার চেষ্টা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করা হবে সবার শেষে। নির্বাচন কমিশন সর্বশেষ বিভিন্ন মহলের সাথে সংলাপে বসেছিলেন ২০১৭ সাল।

ওই বছরের ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বসার মধ্য দিয়ে কার্যত ওই সংলাপ শুরু হয়েছিল। এরপর ৪০টি রাজনৈতিক দল, নারী নেতৃত্ব, নির্বাচন বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথেও বসেছিল তৎকালীন কে এম নূরুল হুদার কমিশন। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে আগামী ২০২৩ সালের শেষে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.