নিজস্ব আন্দোলনের।।
বাগেরহাটের মোরেলগঞ্জে জাল এনআইডি তৈরি করে দেওয়ার অভিযোগে মুসা জোমাদ্দার (২৫) নামে এক কম্পিউটার অপারেটরকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দণ্ডাদেশ দেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।
দণ্ডিত মুসা জোমাদ্দার উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের আলতী বুরুজবাড়িয়া গ্রামের আ. জলিল জোমাদ্দারের ছেলে এবং একই ইউনিয়নের পোলেরহাট বাজারের মুসা কম্পিউটার নামে একটি দোকানের মালিক ও পরিচালক।
ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, উপজেলার চিংড়াখালী ইউনিয়নের পাচানি গ্রামের মৃত মো. জামাল মুন্সীর ছেলে রমজান মুন্সী (২২) প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে সম্প্রতি উপজেলা নির্বাচন অফিস থেকে এনআইডি (ভোটার) তালিকাভুক্ত হন। পরে উপজেলা নির্বাচন অফিস রমজান মুন্সীর দাখিল করা কাগজপত্র সার্ভারে চেক করতে গিয়ে দেখেন আবেদনের সঙ্গে সংযুক্ত তার মৃত বাবা-মায়ের এনআইডি কার্ড জাল এবং ভুয়া। অর্থাৎ কার্ডের নাম্বারের নামের সঙ্গে তার বাবা মায়ের নামের কোনো মিল নেই।
ঘটনার দিন মঙ্গলবার কৌশলে রমজান মুন্সীকে অফিসে হাজির করে জিজ্ঞাসাবাদে আবেদনের সঙ্গে সংযুক্ত তার বাবা-মায়ের নামের এনআইডি কার্ড জাল বা ভুয়া তা নিশ্চিত হন উপজেলা নির্বাচন অফিসার মো. মেস্তফা কামাল। রমজানের স্বীকারোক্তি অনুযায়ী মিথ্যা তথ্য দিয়ে জাল আইডি কার্ড প্রস্তুতকারী পোলেরহাট বাজারের মুসা কম্পিউটারের মালিক ও চালক মুসা জোমাদ্দারকে আটক করে মঙ্গলবার রাতে উপজেলা নির্বাচন অফিসে হাজির করে পোলেরহাট ফাঁড়ি পুলিশ।
মিথ্যা তথ্য দিয়ে রমজানের বাবা-মায়ের নামে জাল বা ভুয়া এনআইডি কার্ড প্রস্তুত করে দেওয়ার কথা স্বীকার করে মুসা জোমাদ্দার। এর পর উপজেলা নির্বাচন অফিসে ভ্রামমাণ আদালত বসিয়ে জন্মনিবন্ধন আইন ২০০৪-এর ২১ এর ২ ধারায় কম্পিউটার চালক মুসা জোমাদ্দারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
