এইমাত্র পাওয়া

‘এখন থেকে নিয়মিত ক্লাস হবে’-শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী দুই শিক্ষাবর্ষে করোনার ক্ষতি পুষিয়ে উঠা হবে৷ করোনা সংক্রমণ কমে যাওয়ায় শিক্ষার্থীদের এখন নিয়মিত ক্লাস হবে।

আজ বুধবার (২ মার্চ) সকালে ঢাকা কলেজে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘রাজনীতির কবি’ প্রকাশনার মোড়ক উন্মোচন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ বিতরণ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টশন-২০২২ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আজ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ঢাকা কলেজে উপস্থিত হলেও আমি কথা বলছি সব শিক্ষার্থীদের জন্য। করোনার এ দীর্ঘ সময়ে এক ধরনের ট্রমার মধ্য দিয়ে গিয়েছে শিক্ষার্থীরা। তারা সেই সময়টাকে পার করে এসেছে। আমরা আশা করবো আগামী দিনগুলোতে আগের যে ঘাটতি সেটা পুষিয়ে নেওয়ার। এখানে শিক্ষকরাও যেমন চেষ্টা করবেন, তেমনি শিক্ষার্থীদেরও চেষ্টা করতে হবে।

এ সময় আগের সব ঘাটতি পূরণ করতে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবেন বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী ৷

তিনি বলেন, আমাদের আজকে প্রাথমিকের ক্লাস শুরু হলো। আমরা আশা করছি আমাদের মাধ্যমিকেও শিগগিরই স্বাভাবিক জায়গায় যাবে।

মন্ত্রী বলেন, যেখানে ঘাটতি রয়েছে সেখানে নজর দেব বেশি। আমরা হয়তো এক শিক্ষাবর্ষে সব ঘাটতি পূরণ করতে পারবো না কিন্তু আগামী শিক্ষাবর্ষে সেটুকু পূরণ করতে পারবো।

ডা. দীপু মনি বলেন, আমাদের যিনি জন্ম দেন তিনিই শুধু আমাদের মা নন, ভাষাও আমাদের মা, দেশও আমাদের মা। এ ‘তিন’ মাকে যখন একসঙ্গে ভালোবাসতে পারবেন তখনই বিশ্বের বুকে আপনি একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবেন।

এদিকে একাদশ শ্রেণির ২০২১-২২ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ের মোড়ক উন্মোচন হচ্ছে আজ বুধবার। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এ মোড়ক উন্মোচন করবেন। একইদিন শুরু হচ্ছে একাদশ শ্রেণির ক্লাস।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকে ২০২১-২২ শিক্ষাবর্ষে নতুন পাঠ্যবইয়ের সংকট দ্রুত পুষিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ, ঢাকা কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খোন্দকার এ সময় উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.