এইমাত্র পাওয়া

চারদিন ব্যাপী পণ্যমেলা শুরু রাজশাহীতে

নিজস্ব প্রতিবেদক।।

রাজশাহীতে চার দিনব্যাপী পণ্যমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে রাজশাহী কলেজ মাঠে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বাংলাদেশ-ভারত পঞ্চম সাংস্কৃতিক মিলনমেলা উপলক্ষে এই পণ্যমেলার আয়োজন করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং রাজশাহী চেম্বার অব কমার্সের সহযোগিতায় এই মেলার আয়োজন করেছে।

মেলার উদ্বোধনকালে রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক, চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে মেয়র খায়রুজ্জামান লিটন মেলার স্টল ঘুরে দেখেন। মেলাতে ৩৫টি স্টল বসানো হয়েছে।

এসময় সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলাকে কেন্দ্র করে এই পণ্যমেলার আয়োজন করা হয়েছে। এজন্য কোনো স্টলের কাছ থেকে সিটি করপোরেশন কোনো ট্যাক্স নেয়নি। এখানে রাজশাহীর বিভিন্ন ঐতিহ্যবাহী যেসব পণ্য আছে সবগুলো এখানে প্রদর্শিত করা হচ্ছে। এর মাধ্যমে মেলার দর্শনার্থীরা আমাদের এখানকার ঐতিহ্যবাহী পণ্য সম্পর্কে জানতে পারবে এবং এগুলো কিনে ব্যবহার করতে পারবে। রাজশাহীর ঐতিহ্যবাহী পণ্যকে তুলে ধরতেই মেলার আয়োজন করা হয়েছে।

মেলা ঘুরে এদিন বিকেলে দেখা যায়, ৩৫টি স্টলের অধিকাংশতেই রাজশাহীর ঐতিহ্যবাহী পণ্য পসরা সাজানো হয়েছে। একেবারে উত্তরপ্রান্তে বসানো হয়েছে ‘মুক্তিযুদ্ধ’ নামের স্টল। যেখানে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই রাখা রয়েছে। মেলায় রয়েছে রাজশাহীর ঐতিহ্যবাহী ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ব্যবহৃত নানা পণ্যের একটি স্টল। নাম তার ‘নৃ-গোষ্ঠী’। রয়েছে হেরিটেজ ও লাইব্রেরি নামের স্টল। রাজশাহীর রেশম, রাজশাহীর সিল্ক, পিঠার দোকান, মৃৎশিল্প ও কাঠ শিল্প, চামড়ার নানা পণ্য নিয়ে ‘চামড়া শিল্প’ নামের স্টল। একপ্রান্তে রয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটির বুথ। এখানে রক্ত সংগ্রহ চলছে। এছাড়াও রাজশাহীর ঐতিহ্যবাহী ‘ঢোপকল’ও নিদর্শন হিসেবে মেলায় রাখা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.