এইমাত্র পাওয়া

স্কুল-কলেজে বন্ধ থাকা নির্বাচনের কাজ শুরুর নির্দেশ

নিজস্ব প্রতিনিধি।।

করোনার কারণে এক মাস শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে পাঠদান বন্ধ ছিল। এ সময়ে যেসব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির নির্বাচন স্থগিত ছিল সেসব প্রতিষ্ঠানকে কমিটি গঠনে নির্বাচনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা বোর্ড ও দিনাজপুর বোর্ড থেকে এ নির্দেশনা দিয়ে প্রতিষ্ঠান প্রধান, প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। অন্যান্য বোর্ডগুলোও এ নির্দেশনা জারি করবে বলে জানা গেছে।

চিঠিতে শিক্ষা বোর্ডগুলো বলছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার/রিটার্নিং কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ২২ জানুয়ারি থেকে করোনা মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় বোর্ড থেকে নির্বাচন কার্যক্রম বন্ধ করা হয়েছিল। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু হওয়ায় প্রবিধানমালা-২০০৯ এর প্রবিধি ১২ থেকে প্রবিধি ২৮ পর্যন্ত দফাগুলো অনুসরণ করে প্রবিধানমালার প্রবিধি ৪ অনুযায়ী গভর্নিংবডি এবং প্রবিধি ৭ ও ৮ অনুযায়ী ম্যানেজিং কমিটি গঠন করার জন্য অনুরোধ করা হলো। নির্বাচন সংক্রান্ত কার্যক্রম আগে যে অবস্থায় বন্ধ রাখা হয়েছিল সেখান থেকেই আবার কার্যক্রম শুরু করা যাবে।

বোর্ড আরও জানিয়েছে, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ড আর্ডিনেন্সের ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.