এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি, রাবিতে গাছতলায় প্রতীকী ক্লাস

নিউজ ডেস্ক।।

করোনা মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গাছ তলায় প্রতীকী ক্লাস নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনের মেহগনি বাগানে ক্লাস নেন তিনি। এসময় তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক বখতিয়ার আহমেদ এবং ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক।

এর আগে গত শুক্রবার নিজের ফেসবুকে সশরীরে ক্লাস নেওয়ার ঘোষণা দেন আব্দুল্লাহ আল মামুন। পরে ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনকও ক্লাস নেওয়ার ঘোষণা দেন।

প্রতীকী ক্লাসে সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন মিডিয়া ও ক্ষমতার সম্পর্ক নিয়ে আলোচনা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০-১৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তিনি বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছে এটাকে আমাদের অযৌক্তিক মনে হয়েছে। সরকার মাধ্যমিকের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে অথচ তাদের ভ্যাকসিনের আওতায় আনছে না। এর মানে কি? এর প্রতিবাদে আমরা প্রতীকী ক্লাস নিয়েছি। আমাদের এই প্রতীকী ক্লাস অব্যাহত থাকবে।

ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, বর্তমানে বাংলাদেশের শিক্ষাখাত সবচেয়ে অবহেলিত। আমাদের ক্লাস মূলত একটা প্রতিকৃতি। আমরা সরকারকে বার্তা দিতে চাই, স্বাস্থ্যবিধি মেনে যেন দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়।

এসময় আগামী ১৮ আগস্ট একই স্থানে ক্লাস নেওয়ার ঘোষণা দেন আমিরুল ইসলাম কনক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.