শিক্ষক রাজনীতি বন্ধের এখতিয়ার সিন্ডিকেটের নেই: ড. সামিনা লুৎফা

ঢাকাঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীদের সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

শিক্ষক রাজনীতি বন্ধের এখতিয়ার সিন্ডিকেটের নেই বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সামিনা লুৎফা।

তিনি বলেন, রাজনীতি করার অধিকার দেশের যে কোনো নাগরিকেরই আছে। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি নিয়ে অনেক ধরনের বক্তব্য বাজারে চালু আছে। জুলাই গণঅভ্যুত্থানে এসে তো আমরা দেখেছি শিক্ষার্থীরা রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ। তাদের রাজনীতি করা, রাজনৈতিক বোঝাপড়া থাকা কতটা জরুরি।

রাজনৈতিক বোঝাপড়া থাকার কারণেই একটি দেশের গুণগত মান পরিবর্তন আনার কাজ শিক্ষার্থীরা করতে পারছে। সে অর্থে রাজনীতি বন্ধ করার যে চেষ্টা, তা নিঃসন্দেহে নিন্দনীয়। এ বিষয়ে পক্ষাবলম্বন করার কোনো কারণ নেই। আমি এখনো সিন্ডিকেটের সিদ্ধান্ত পড়েদেখিনি। যতটুকু বুঝতে পারি, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনৈতিক অ্যাসোসিয়েশন গড়া, যেটি আসলে এক ধরনের পেশাজীবী সংগঠন, তিয়াত্তরের আদেশ অনুযায়ী সিন্ডিকেটের পক্ষে সেটি রদ করার কোনো অধিকারই নেই। তার মানে, তারা এটি করতে পারেন না। সে কারণে মূল রিপোর্টটা দেখা প্রয়োজন।

আমি যতটুকু জানতে পেরেছি, কোনো দলের অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনীতি এখানে চলবে না। যদি এমনটি সিদ্ধান্ত হয়, তাহলে তো সেটিকে স্বাগতম জানাতেই হয়। পেশাজীবী সংগঠন না থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। রাজনীতিতে পেশি শক্তির ব্যবহার কীভাবে বন্ধ করা যায়, তা নিয়ে নিশ্চয়ই অনেক আলোচনা করার প্রয়োজন রয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৯/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.