এইমাত্র পাওয়া

সাংসদ অভিনেত্রী মিমি ও নুসরাতকে শোকজ

নিজস্ব প্রতিনিধি।।

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। আপাতত তাদের পাখির চোখ লোকসভা ভোট। তাই কোমর বেঁধে লেগে পড়েছেন দলের সদস্যরা। এমনকী, দলের নেতা-মন্ত্রীদেরও আদা-জল খেয়ে লেগে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে মঙ্গলবার এক বিশেষ আলোচনা সভার ডাক দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য অধিবেশনের বাদবাকি দিনগুলোতে দলের গতিপ্রকৃতি কী হবে তার একটা নকশা তৈরি করা। অভিষেকের ডাকা ওই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছিল সব সাংসদকেই।

তবে দলের নির্দেশ অমান্য করে অনেকেই অভিষেকের বৈঠকে হাজির ছিলেন না। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় নাম আছে দুই তারকা সংসদ মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের।

দলীয় সূত্রে খবর, অভিষেক ক্ষুব্ধ হয়েছেন দুই অভিনেত্রীর ওপর। মঙ্গলবারের সভায় তাদের অনুপস্থিতির কারণও জানতে চেয়েছেন তিনি। দলের তরফ থেকে শোকজ করা হয়েছে মিমি ও নুসরাতকে।

টলিউড সূত্রে খবর, মিমি চক্রবর্তী শ্যুটিংয়ের জন্য বর্তমানে রাজস্থানে রয়েছেন। তাই তার পক্ষে দলের মিটিংয়ে যোগ দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, নুসরাতের বৈঠকে না যাওয়ার কারণ স্পষ্ট নয় কারও কাছেই।

প্রসঙ্গত, শীতকালীন অধিবেশনের শুরুতেও বিরোধী নেতা শশী থারুরের সঙ্গে সেলফি তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন এই দুই তারকা। এখন রাগিয়ে দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডকে! দল যে নুসরাত আর মিমির ওপর ক্ষুদ্ধ, সে বার্তাও তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.