বেরোবি শিক্ষক ও ছাত্রের মোবাইল-টাকা ছিনতাইকারী গ্রেফতার

আবুল হোসেন বাবলু।।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক ও শিক্ষার্থীর ওপর ছিনতাইকারীর ছুরিকাঘাতের ঘটনায় রিফাত হোসেন আলফি নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আলফি নগরীর উত্তর আশরতপুর এলাকার আব্দুর রহিমের ছেলে।

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার রাত ২:৩০ মিনিটে বেরোবি’র শিক্ষার্থীকে এবং ভোরে বেরোবির এক শিক্ষকের ওপর হামলা চালায় ছিনতাইকারীরা। এ সময় ছিনতাইকারীরা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক-শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে এবং তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। বর্তমানে আহত শিক্ষক মনিরুজ্জামান মজনুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থী শাহরিয়ার সিদ্দিক পরাগ ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মহানগর তাজহাট থানায় পৃথক দুটি মামলা হয়। সেই মামলা দুটির সূত্র ধরে শুক্রবার সন্ধ্যায় উত্তর আশরতপুরের নিজ বাড়ি থেকে আলফিকে গ্রেফতার করে পুলিশ।

আবু মারুফ হোসেন আরও জানান, পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে আলফি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার দেখানো তথ্যমতে তারই বাড়ি থেকে ছিনতাইকৃত দুটি মোবাইল ফোন ও টাকার মধ্যে তার ভাগের সাতশত টাকাসহ একটি ছিনতাই কাজে ব্যবহৃত চাপাতি উদ্ধার করা হয়। এই ঘটনায় তার সঙ্গে আরও দুজন ছিনতাইকারী অংশগ্রহণ করেছিল তাদেরও গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলছে।

উল্লেখ্য- গতকাল (১০ সেপ্টেম্বর) রাত দুইটা ত্রিশ মিনিটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার সিদ্দিক পরাগ (২৩) পার্কের মোড়ের পার্কভিউ ছাত্রাবাস হতে সর্দারপাড়ায় তার বন্ধুর ছাত্রাবাসে যাবার পথে বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের পূর্বপার্শে মডার্ন মোড়ের দিক হতে আসা ২০/২৪ বছর বয়সী ৩ জন ছিনতাইকারী তার গতিরোধ করে মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে না পেরে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল ফোন ছিনতাই করে।

অপরদিকে মোঃ মনিরুজ্জামান (৪০), সহকারী অধ্যাপক (ইতিহাস ও প্রত্বতত্ত্ব বিভাগ), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ভোর সাড়ে ৫টার দিকে শরীর চর্চার উদ্দেশ্যে লালবাগ হতে পার্কের মোড়ের দিকে যাওয়ার সময় কলেজিয়েট স্কুল এন্ড কলেজ ও বীজ ভবনের মাঝামাঝি স্থানে পৌছালে দুইজন ছিনতাইকারী হঠাৎ করে তাঁর গতিরোধ করে এবং চাপাতি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে মোবাইল সেট এবং তাঁর পকেটে থাকা টাকা (অনুমান তিন হাজার) ছিনতাই করে পালিয়ে যায়।

উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন ছাড়াও সহকারী কমিশনার কোতোয়ালি জোন আলতাফ হোসেন, তাজহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান, মামলার বাদী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোক্টর সৈয়দ আনোয়ারুল আজিম উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.